দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ঘরে ঘরে গ্যাস সংযোগ ও সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ ছয় দফা দাবি আদায়ে নতুন করে আন্দোলনে নেমেছেন ভোলাবাসী। এসব দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে শুরু হয়েছে গণস্বাক্ষর কর্মসূচি।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় ভোলা প্রেসক্লাব চত্বরে ‘আমরা ভোলাবাসী’ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। এর উদ্বোধন করেন সংগঠনটির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর।
গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তারা বলেন, ভোলার প্রাকৃতিক গ্যাসের ওপর এ জেলার মানুষের প্রথম অধিকার। তাই ঘরে ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় গ্যাস ব্যবহার করে শিল্পকারখানা গড়ে তুলতে হবে। একই সঙ্গে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। ভোলার মানুষের চাহিদা পূরণের পর গ্যাস বাণিজ্যিকভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া যেতে পারে।
তারা আরও বলেন, ভোলা-বরিশাল সেতু শুধু ভোলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন নয়, দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ। দ্রুত সেতুর নির্মাণকাজ শুরু না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সংগঠনটির সদস্যসচিব মীর মোশারেফ অমি বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ঘরে ঘরে গ্যাস সংযোগ, গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপন, সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং ইন্ট্রাকো কোম্পানির সঙ্গে গ্যাস চুক্তি বাতিলসহ ছয় দফা দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তারা।
তিনি বলেন, এসব দাবিতে এর আগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সভা-সমাবেশ, মশাল মিছিল, গণসংযোগ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু দীর্ঘদিনেও দাবিগুলোর দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাই নতুন করে গণস্বাক্ষর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সংগৃহীত স্বাক্ষর প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিয়ে ভোলাবাসীর যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানানো হবে।
দ্বীপজেলা ভোলার মানুষের দীর্ঘদিনের দাবি ভোলা-বরিশাল সেতু নির্মাণ। দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে জেলার বাসিন্দাদের। বিশেষ করে জরুরি চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনে তাদের নৌপথের ওপর নির্ভর করতে হয়।
স্থানীয়দের প্রত্যাশা, ভোলা-বরিশাল সেতু নির্মিত হলে যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি বদলে যাবে দ্বীপজেলার মানুষের জীবনমান। সহজ হবে চিকিৎসা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্য। শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে ভোলাসহ দক্ষিণাঞ্চল।
গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও ভোলার মানুষ সরাসরি সড়ক যোগাযোগ, উন্নত চিকিৎসাসেবা ও গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। এসব সুযোগ-সুবিধার অভাবে তাদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে উন্নত চিকিৎসার অভাবে অনেক রোগীকে সময়মতো বরিশাল ও ঢাকায় নেওয়া সম্ভব হয় না। এতে অনেক ক্ষেত্রে প্রাণহানির ঘটনাও ঘটছে।
ভোলার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্য দূর করতে ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন তারা।
যে আই